
আবু সাঈদ চৌধুরী:
গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান পূর্বপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আলো রানী রাজবংশী (৪১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে হালাল মোটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলো রানী রাজবংশী টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার রামপুর বীরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম রতন চন্দ্র রাজবংশী এবং মাতার নাম লক্ষী রানী রাজবংশী।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মীরের বাজার থেকে টঙ্গীগামী একটি অটোরিকশা মাঝুখান পূর্বপাড়া এলাকায় হালাল মোটরসের সামনে পৌঁছালে রাস্তা পারাপারের সময় আলো রানী রাজবংশীকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছেন।