
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাঙ্গারির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার ভুলতা এলাকার সাবেক আল্লাহর দান কাঁচাবাজার আড়তের পাশে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে গোডাউনের মালিক রমজান মিয়া দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভাঙ্গারির গোডাউনে আগুন লাগে। এ সময় আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গোডাউনের মালিক রমজান মিয়া দগ্ধ হন। অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। #####