
স্টাফ রিপোর্টার
ঢাকা: রাজধানীর মধ্য নন্দীপাড়া ছোট বটতলা এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে এক বিশেষ রাতারাতি অভিযান পরিচালিত হয়েছে। অত্র এলাকার সমাজভিত্তিক কমিটির উদ্যোগে রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন মাদক নির্মূল কমিটির সভাপতি মো. রিপন মাহমুদ, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, উপদেষ্টা মোহাম্মদ জুয়েল রানা, উপদেষ্টা মো. আল-আমিন এবং ৩৫ বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। পুরো অপারেশনটি দক্ষতার সাথে পরিচালনা করেন মাদক নির্মূল কমিটির উপদেষ্টা মো. হানিফ।
অভিযান শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে মাদক নির্মূল কমিটির উপদেষ্টা মো. হানিফ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি অত্র এলাকা থেকে যাবতীয় অপরাধ দমনে কয়েকটি মূল লক্ষ্য ও পদক্ষেপ তুলে ধরেন:
আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা: অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা।
শক্ত প্রতিরোধ গড়ে তোলা: এলাকার মাদক, জুয়া, সন্ত্রাসসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।
চোরাচালান বন্ধ: এলাকা থেকে মাদকের চোরাচালান চিরতরে বন্ধ করা।
কঠোর শাস্তি নিশ্চিতকরণ: মাদক ব্যবসায়ী ও মূল সরবরাহকারীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনা।
বক্তব্য শেষে তিনি অপরাধ প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় জোরালো ও সক্রিয় মাদকবিরোধী কমিটি গঠন করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি বিনীত আহ্বান জানান।