October 29, 2026, 5:41 pm
শিরোনাম :
পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের এক বছরের কারাদণ্ড পূবাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর আদর্শ ওয়ার্ড ও মাদক মুক্ত সমাজ গড়তে  চান কাউন্সিলর প্রার্থী মো: ইউসুফ মিয়া রূপগঞ্জে ভাঙ্গারির গোডাউনে আগুন, দগ্ধ ১ কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে দীপু ভূঁইয়াকে সংবর্ধনা দিবে প্রবাসী রূপগঞ্জবাসী মধ্য নন্দীপাড়ায় মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী রাতারাতি বিশেষ অভিযান আত্রাই নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতা শরিফুলের বিরুদ্ধে, নীরব কেন প্রশাসন? অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’

মান্ডা বাগপাড়া ব্রিজ–মধ্যপাড়া গলিতে ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্ক, নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবাসীর

রাকিব সরকার

রাকিব সরকার:

রাজধানীর মান্ডা এলাকার বাগপাড়া ব্রিজ থেকে মধ্যপাড়া মসজিদ সংলগ্ন সরু গলি হয়ে জামাইয়েরটেকে যাওয়ার পথটি দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতার কারণে সাধারণ মানুষের জন্য আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছু উঠতি বয়সের বখাটে যুবক নিয়মিত এই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে পথচারীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গলিটির বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে অবস্থান নিয়ে অপরাধীরা পথচারীদের লক্ষ্য করে ছিনতাই ও চাঁদাবাজি করে। এ কারণে অনেকেই প্রয়োজন ছাড়া ওই পথ ব্যবহার করতে ভয় পান।

ভুক্তভোগী রংমিস্ত্রি মঞ্জুর (৪২) জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে কাজ শেষে বাগপাড়া ব্রিজ দিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা তার কাছে থাকা নগদ টাকা ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি বলেন, “আমি তাদের কাছে অনেক অনুরোধ করেছিলাম, ভাই আমি গরিব মানুষ, আমার মোবাইলটা নিয়েন না। কিন্তু তারা আমার কথা শোনেনি।”

মঞ্জুর আরও জানান, তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ছুরি বের করে তাকে ভয় দেখায়। তাদের সবার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তিনি বলেন, “একটি দল ঘটনাস্থলে থাকে, আরেকটি দল কিছুটা দূরে অবস্থান করে এবং প্রয়োজনে আরেকটি দল এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করে।”

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একই ধরনের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল বৃদ্ধি, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।



ফেসবুকে আমরা