
মোঃ সফিউল আলম। চৌদ্দগ্রাম।
মাদকের বিষফোঁড়া থেকে তরুণ সমাজকে ফেরাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ এলাকার দায়িত্ব নিয়ে কাজ করি, তবেই একটি মাদকমুক্ত সমাজ আগামী প্রজন্মের জন্য উপহার দেওয়া সম্ভব। কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত ‘টিভি ও মোবাইল কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোছাইন মজুমদার।
শনিবার রাতে শ্রীপুর ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মনির হোছাইন মজুমদারকে খেলার মাঠে নিয়ে আসার সময় আয়োজক কমিটির যুবকরা শত শত মোটরসাইকেলের শোডাউন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, “নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে, যা যুবকদের মাদক থেকে দূরে রাখে। মানুষ হিসেবে আমাদের অনেকের অনেক স্বপ্ন থাকে, তবে সেই স্বপ্ন হতে হবে সুশৃঙ্খল এবং তা হতে হবে মানুষের কল্যাণে। খেলাধুলা নিয়ে কোনো রাজনীতি নেই। যুব সমাজ যাতে আগামী দিনে আরও সুন্দর আয়োজন করতে পারে, সেজন্য তাদের উৎসাহ দিতে হবে।” শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক শাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনি, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন মিলন, সেক্রেটারি ইকবাল হোসেন মজুমদার, শ্রীপুর ফাউন্ডেশন ঢাকার সভাপতি ফখরুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ছোটন এবং ৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আলমগীর হোসেন মজুমদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় চিওড়া ফুটবল একাদশ এবং পদুয়া ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চিওড়া ফুটবল একাদশ ১-০ গোলে পদুয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। খেলাটি উপভোগ করতে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে ভিড় করেন।