
নিষিদ্ধ সংগঠনের মিছিল নিয়েও প্রশ্ন; তদন্তে পুলিশ
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগের পর তাঁকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। তিনি বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনাতেও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
এ ঘটনায় শনিবার সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়। তাঁর স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।
হযরত আলী মিলন বলেন, ‘শনিবার সন্ধ্যায় ওসি প্রত্যাহারের পর চলে গেছেন। তবে কী কারণে প্রত্যাহার করা হয়েছে, তা জানি না।’
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।