
আব্দুর রহিম সরদার।
পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গুর প্রকোপ সামলাতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ৩ মাস মেয়াদী পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা ও পৌর যুবদলের একাংশ। কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘মারবো ডেঙ্গু, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়। কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শোভন পাল। উদ্বোধনের পর হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এছাড়া মশা নিধনে ফগার মেশিন দিয়ে স্প্রে ও রাস্তার দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় এবং যুবদল নেতা জাকারিয়া পিন্টুর পরামর্শে ঈশ্বরদীতে এ সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, বর্ষা ও পরবর্তী সময়ে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। ডাবের খোসা, টায়ার, টব কিংবা যেকোনো খোলা পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে ৩-৪ দিনেই এডিস মশার বংশবৃদ্ধি ঘটে। তাই শুধু সরকারি বা দলীয় উদ্যোগ নয়, ডেঙ্গু মুক্ত রাখতে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা নিশ্চিত করতে হবে।
পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক টুটুল সরদার, সদস্য সচিব শাহাবুদ্দিন সেন্টু সরদার এবং পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল ও সদস্য সচিব আনোয়ার হোসেন জনি উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
এছাড়াও অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল বিশ্বাস, আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরক সরদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুল, রাশেদুল ইসলাম রিপন, মাহাবুল হোসেন, মাহমুদুর রহমান রিয়াদ, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর হোসেন, সেলিম চৌধুরী এবং কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের টব নেতাকর্মীরা।