
নিজস্ব প্রতিবেদক
রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান
ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানবাগীর দল ওলামা মিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাঁচ শতাধিক আলেম-ওলামা, আশেকে রাসুল ও ইসলামী চিন্তাবিদ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কুদরত এ খোদা রাসুলপ্রেম, আত্মশুদ্ধি, উত্তম চরিত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠা ছাড়া পরিবার, সমাজ ও বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি হযরত মোহাম্মদ (সা.)-এর প্রেম, ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য এবং সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)-এর অবদানের কথা তুলে ধরেন।

আলোচনা সভায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ, আত্মশুদ্ধি, সুফিবাদ এবং ব্যক্তি ও সমাজজীবনে তাঁর আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মোহাম্মদী ইসলামের মিলাদ শরিফ পাঠ শেষে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বমানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।