
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টাকালে চার নারীকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত আটক চার নারীকে ছয় মাস করে কারাদণ্ড দেন। হাসপাতালটিতে ধারাবাহিক চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে আনসার সদস্যদের বাড়তি সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে চুরির চেষ্টা প্রতিহত হয়।
সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের ভিড়ের সুযোগে চুরির আশঙ্কা থাকায় কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা আগে থেকেই সতর্ক ছিলেন। রোগী ও সেবাপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখছিলেন।
দায়িত্ব পালনকালে চার নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। পরে ক্যাম্প ইনচার্জের মাধ্যমে তাঁরা রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
একপর্যায়ে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টাকালে ওই চার নারীকে হাতেনাতে আটক করা হয়। আটক নারীরা হলেন মর্তুজা বেগম (৬৫), রুনা বেগম (২২), শাহনাজ বেগম (৬২) ও বুশরা বেগম (৩০)। তাঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
আটকের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানায় হস্তান্তর করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক চার নারীকে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে রোগী ও সেবাপ্রার্থীদের নিরাপত্তা নিচ্শিত করতে হবে।