
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) গোপন খবরের ভিত্তিতে উপজেলার থান্দারপাড়া, খুঁটিপাড়া ও শিবপুরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও সেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।
অভিযান পরিচালনাকালে মাদক গ্রহণ ও অনলাইনের মাধ্যমে অবৈধ জুয়ায় আসক্ত থাকার অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধের মাত্রা অনুযায়ী আটককৃতদের মধ্যে একজনকে ০৬ মাসের এবং অপর দুইজনকে ০৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করা হয়।
অভিযান সম্পর্কে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, যুবসমাজকে রক্ষা করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক বিক্রেতা, সেবী ও অবৈধ জুয়াড়িদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর থেকে কঠোরতর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।