
রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান চালিয়ে নাদের আলী (৩৫) নামে এক যুবককে আটক করে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার খুঁটিপাড়া ও শিলমাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত নাদের আলী উপজেলার খুঁটিপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খুঁটিপাড়া ও শিলমাড়িয়া এলাকায় মাদক বিক্রি, মাদক সেবন ও অনলাইন জুয়ার উপদ্রব বৃদ্ধি পাওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দারা লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়ে আসছিলেন। এসব অভিযোগের সত্যতা যাচাই ও আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত অবস্থায় নাদের আলীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা অনাদায়ে আইনানুগ শাস্তি দেওয়া হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, যুবসমাজ রক্ষা এবং এলাকার সামাজিক শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টিকারী মাদক বিক্রেতা, মাদকসেবী ও অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে উপজেলা প্রশাসনের এমন কঠোর থেকে কঠোরতর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।