
পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিশ্চিত করতে তিন মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।
আব্দুর রহিম সরদার,
মারবো ডেঙ্গু, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহিমপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুর দিন এলাকায় একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পাশাপাশি মশা মারার ওষুধ স্প্রে করা হয় এবং রাস্তার পাশের জঙ্গল ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল এবং সদস্য সচিব আনোয়ার হোসেন জনি উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং জাকারিয়া পিন্টুর পরামর্শে ঈশ্বরদীতে এই সামাজিক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
বক্তারা জোর দিয়ে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল ওষুধ ছেটানোই যথেষ্ট নয়, সবার সচেতনতাও সমান জরুরি। বিশেষ করে বর্ষাকালে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার কিংবা ডাবের খোসায় জমে থাকা পানি থেকে এডিস মশা বংশবৃদ্ধি করে। তাই সবাইকে নিয়মিত এসব জমে থাকা পানি ফেলে দেওয়ার এবং নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিষ্টু কুমার সরকার, ইলিয়াস খান এলবাস, সদস্য সোহেল আহমেদ, যুবদল নেতা আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আউয়াল কবির, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সাল ইকবাল জুয়েল, রুমন, রুবেল এবং কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওনসহ যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
আগামী তিন মাস ধরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।