
পটুয়াখালী প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. দেলোয়ার হোসেন।
তিনি প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি এবং একটি জাতীয় দৈনিকের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
জিডিতে সাংবাদিক দেলোয়ার হোসেন অভিযোগ করেন, অজ্ঞাত ব্যক্তিরা তার নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল খুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমনকি তার পরিচিতজনদের কাছেও এসব ভুয়া আইডি থেকে বিভিন্ন ধরনের বার্তা পাঠানো হচ্ছে।
তার অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এতে তিনি ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
ঘটনাটি জানার পর ভুক্তভোগী সাংবাদিক সংশ্লিষ্ট ভুয়া আইডিগুলোর তথ্য সংগ্রহ করে দুমকি থানায় জিডি করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তায় ভুয়া আইডিগুলোর পেছনে কারা রয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে জড়িতদের পরিচয় নিশ্চিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।