
নিজস্ব প্রতিবেদক |
রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে আবারও প্রকট আকার ধারণ করেছে জলাবদ্ধতা। রবিবার (১২ জুলাই) দিনের শুরু থেকেই অব্যাহত বৃষ্টিতে পুরান ঢাকার বিভিন্ন এলাকার মতো বকশীবাজারেও সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডের সামনের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষা বোর্ডের সামনের প্রধান সড়কে হাঁটুসমান পানি জমে রয়েছে। অনেক পথচারী জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করছেন। কোথাও কোথাও রিকশা ও মোটরসাইকেল পানির কারণে ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয় এবং অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন কাজে বের হওয়া নাগরিকরা দীর্ঘ সময় আটকে পড়েন।
স্থানীয় বাসিন্দারা জানান, বকশীবাজার এলাকায় অল্প সময়ের ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, নালা-নর্দমায় ময়লা-আবর্জনা জমে থাকা এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রতিবছর একই সমস্যার মুখোমুখি হতে হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ খুব একটা চোখে পড়ে না। জলাবদ্ধতার কারণে শুধু চলাচলেই বিঘ্ন ঘটছে না, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
নগরবাসীর দাবি, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, খাল ও নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার এবং বৃষ্টির পানি দ্রুত অপসারণে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। অন্যথায় প্রতিবছরের মতো এবারও রাজধানীবাসীকে একই দুর্ভোগ বয়ে বেড়াতে হবে।
বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের নগর-সমস্যা। পরিকল্পিত নগরায়ন, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় রাজধানীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।