
স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় সক্রিয় একটি ভয়ংকর ‘হানি ট্র্যাপ’ বা নারীঘটিত ব্ল্যাকমেইলিং চক্রের সন্ধান মিলেছে। এই চক্রের মূল হোতা আয়েশা সিদ্দিকা জেসিকা নামের এক নারী। নিজেকে কখনো গণমাধ্যমকর্মী, কখনো চলচ্চিত্র নায়িকা, আবার কখনো সফল ব্যবসায়ী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সমাজের সম্মানিত ব্যক্তিদের ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল এই চক্র।
সম্প্রতি ‘দৈনিক স্বাধীন সংবাদ’ ও ‘দৈনিক সকালের সময়’সহ একাধিক টেলিভিশন ও পত্রিকায় এই চক্রের অপরাধমূলক কর্মকাণ্ডের খবর প্রচারিত হয়। সংবাদ প্রকাশের জেরে কথিত এই গণমাধ্যমকর্মী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। নিজেদের অপরাধ ঢাকতে এবং সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করতে অভিযুক্ত জেসিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে বা পোস্টের মাধ্যমে ‘আত্মহত্যার হুমকি’ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেসিকা ও তার চক্রের কতিপয় সদস্য সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে অপসাংবাদিকতা, ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। কোনো সম্মানিত ব্যক্তি তাদের পাতা ফাঁদে পা দিলেই তাকে মানসিকভাবে হেনস্তা করা হতো। পরবর্তীতে ভুয়া সাংবাদিক ও ক্যাডার বাহিনী দিয়ে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করত চক্রটি।
গণমাধ্যমে তাদের এই অন্ধকার সাম্রাজ্যের খবর প্রকাশ পাওয়ায় চক্রটি এখন সাংবাদিকদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। একই সঙ্গে ফেসবুকে আত্মহত্যার নাটক সাজিয়ে প্রশাসন ও সংবাদকর্মীদের হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।
এই পরিস্থিতিতে উক্ত কথিত গণমাধ্যমকর্মী ও হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপসাংবাদিকতা, ব্ল্যাকমেইলিং এবং চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।