
কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহারে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এ সিদ্ধান্তের পর দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা বিহারে প্রবেশ করতে না পেরে ফিরে যাচ্ছেন। এতে দর্শনার্থীদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিহারের মহাথেরো উত্তম ভিক্ষু জানান, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিহার সীমানার ভেতরে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করে কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় নাসির হাওলাদার ও সামসুল আলম নামের দুই ব্যক্তি বিহারের জমি দাবি করে পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধর করেন। এ ঘটনায় মংলাচিন বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাখাইন সম্প্রদায় অনির্দিষ্টকালের জন্য বিহারে পর্যটক প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে নাসির হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, বিহার সভাপতিকে মারধরের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।