
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদার পূর্ব মানিকনগরের একটি আবাসিক ভবনে গ্যারেজে মোটরসাইকেল রাখা এবং ভবনের কমন স্পেস ব্যবহাকে কেন্দ্র করে বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবনের এক বাসিন্দা তিনজনের বিরুদ্ধে মুগদা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ৭ অক্টোবর ২০২৬ মুগদা থানার অফিসার ইনচার্জের কাছে দেওয়া অভিযোগে মোহাম্মদ গোলাম মোরশেদ (৪৬) দাবি করেন, তিনি প্রায় সাত বছর ধরে ৮৬/৬, এম এন আর ফ্যামিলি টাওয়ার, পূর্ব মানিকনগর এলাকায় বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজের ফ্ল্যাটের ব্যক্তিমালিকানাধীন গ্যারেজে মোটরসাইকেল রাখতেন। তবে প্রায় দুই মাস ধরে কয়েকজন তাকে সেখানে মোটরসাইকেল রাখতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, এ নিয়ে তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি ভবনের কেয়ারটেকারকে দিয়ে তাকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে বাসায় প্রবেশের সময় কেয়ারটেকার তাকে জানান, সংশ্লিষ্ট গ্যারেজে মোটরসাইকেল রাখা যাবে না। মোটরসাইকেল রাখলে অ্যাসোসিয়েশনকে ভাড়া দিতে হবে এবং তা না করলে যাতায়াতের সময় ভবনের মূল গেট খুলে দেওয়া হবে না—এমন কথাও বলা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
গোলাম মোরশেদের ভাষ্য, তিনি নিয়মিত ভবনের অ্যাসোসিয়েশনকে মাসিক সার্ভিস চার্জ দিয়ে আসছেন। এ অবস্থায় গ্যারেজ ব্যবহারের জন্য আলাদা ভাড়া দাবি এবং মূল গেট ব্যবহারে বাধা দেওয়ার বিষয়টি তাকে সামাজিকভাবে বিব্রত ও মানসিক চাপে ফেলেছে।
অভিযোগে আরও বলা হয়, ভবনের অ্যাসোসিয়েশনের খালি হলরুমে অনুমতি নিয়ে তিনি একটি সোফা সেট রেখেছিলেন। কিন্তু ৪ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে তাকে না জানিয়ে সোফা সেটটি ছাদের খোলা জায়গায় রাখা হয়। পরে বৃষ্টিতে ভিজে সোফা সেট নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী বলেন, তাকে বিভিন্নভাবে হয়রানি ও মানসিক চাপে রাখা হচ্ছে। এ ঘটনায় তিনি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি ডায়েরিভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
অভিযোগে তিনজনকে বিবাদী করা হয়েছে—সোহেল রানা (৪১), মো. মনিরুজ্জামান (৪৬) ও মো. নাসির উদ্দীন (৪১)। তাদের সবার বর্তমান ঠিকানা হিসেবে ৮৬/৬, এম এন আর ফ্যামিলি টাওয়ার, পূর্ব মানিকনগর, মুগদা উল্লেখ করা হয়েছে।