
নেত্রকোণার এন. আকন্দ মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ, সামনে এলো এহসানুল হকের নাম
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার এন. আকন্দ মাদ্রাসায় সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ফুটেজে বোরকা পরিহিত এক নারীর সঙ্গে মাদ্রাসার এক শিক্ষকের আপত্তিকর আচরণের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক হিসেবে এহসানুল হকের নাম সামনে এসেছে। তবে সিসিটিভি ফুটেজে থাকা বোরকা পরিহিত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এহসানুল হককে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
অভিভাবকরা বলছেন, একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ অত্যন্ত বিব্রতকর। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, সিসিটিভি ফুটেজের সত্যতা, ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট এবং সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।