
দেলোয়ার হোসাইন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার দুই বছরেও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। দ্রুত শোধনাগারটি চালু করে সুপেয় পানি সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে পৌরসভার চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে এসব কাজের মান নিশ্চিত করার দাবি জানান তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এটি চালু করা হয়নি। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত স্থাপনাটি পড়ে থাকলেও এর সুফল পাচ্ছেন না পৌরবাসী।
বক্তারা বলেন, পানি শোধনাগার নির্মাণের পরও সুপেয় পানি সরবরাহ না হওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে পৌরবাসীর ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দিতে হবে।
এ সময় পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নকাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বিশেষ করে রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার বাসিন্দা এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।