
বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।
মুগদা থানা সূত্রে জানা যায়, এসআই শাহ্ জামাল পিএম ডিউটি করা কালীন সময়ে ডিউটি অফিসারের মাধ্যমে সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে যান। সেখানে পূর্ব-পশ্চিমে শোয়ানো অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ দেখতে পান।
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পিতা-মাতার নাম ও ঠিকানাও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্তের জন্য প্রথমে মোবাইল ক্যামেরার মাধ্যমে মৃতদেহের সম্পূর্ণ শরীরের ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে সনাক্তকারীর উপস্থিতিতে মৃতদেহের সমস্ত শরীর পরীক্ষা করা হয়।
এরপর ডিএমপি সদর দপ্তরের ফিঙ্গারপ্রিন্ট শাখার একটি অভিজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। সনাক্তকারী ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সনাক্তকারী ও স্থানীয়দের সহায়তায় সঙ্গীয় ফোর্সের মাধ্যমে অ্যাম্বুলেন্সযোগে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মুগদা থানার ওসি জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।