
নিজস্ব প্রতিবেদক
ঢাকা রাজধানীর মুগদা থানাধীন ঐতিহ্যবাহী মানিকনগর প্রধান সড়কের আধুনিকায়ন ও উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব বলেন, “জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। কাজটি সম্পন্ন হলে মুগদা, মানিকনগর ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কল্যাণেই পরিচালিত হচ্ছে।”
তিনি আরও বলেন, স্মার্ট, আধুনিক ও উন্নত ঢাকা-৯ আসন গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মান বৃদ্ধিতেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, যানজট এবং চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। আধুনিকায়নের মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করা হয়।
এদিকে উন্নয়ন কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হলে মানিকনগরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে এবং বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে।