
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন রবিবার পটুয়াখালী জেলায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবারের ক্যাম্পেইনে জেলার মোট ২ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৮২১টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, বিপিএম-সেবা এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলার কোনো শিশু যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জাতীয় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্যাপক প্রচার-প্রচারণার আহ্বান জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ২৮ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।