
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ নিশু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত নিশু উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের মৃত কামাল উদ্দিন শেখ ও শিলা বেগমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল হান্নান এর পরিচালনায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুন) রাত গভীর ১টা ৩০ মিনিটের দিকে ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সাকিনস্থ বাইতুর রহমান হাওলাদার পাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তার ওপর থেকে নিশুকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।