
স্টাফ রিপোর্টার:
একটি সবুজ, আধুনিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর মানিকনগর মডেল হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশীদ হাবিব। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।