
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের দুর্গম থানচি উপজেলার থুইসাপাড়া এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়া চার পর্যটককে ৪৮ ঘণ্টাব্যাপী দুঃসাহসিক অভিযানের মাধ্যমে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, পাহাড়ধস ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে পরিচালিত এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
বিজিবি জানায়, গত ৪ জুলাই চারজন পর্যটক অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে থুইসাপাড়া এলাকায় যান। পরে ৭ জুলাই থেকে শুরু হওয়া টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদীপথ অচল হয়ে পড়ায় তারা সেখানে আটকা পড়েন।
বিষয়টি জানার পর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর জিন্নাপাড়া ক্যাম্প থেকে একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। বিজিবি সদস্যরা তাদের নিরাপদ আশ্রয়, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ১১ জুলাই উদ্ধার অভিযান শুরু হয়। বিজিবির সদস্যরা পর্যটকদের নিয়ে বিকল্প পাহাড়ি পথ ধরে থুইসাপাড়া, জিন্নাপাড়া, হালিরামপাড়া ও নিকোলাসপাড়া অতিক্রম করে অংসাউপাড়ায় পৌঁছান। একাধিক পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি এবং প্রবল বৃষ্টির কারণে সেদিন সীমান্ত সড়কে পৌঁছানো সম্ভব হয়নি। পরে অংসাউপাড়ায় তাদের নিরাপদে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।
১২ জুলাই সকালে অংসাউপাড়া বিজিবি ক্যাম্প থেকে আরেকটি দল পর্যটকদের নিয়ে প্রায় চার ঘণ্টা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে বিজিবির যানবাহনে করে তাদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা মো. মারুফ উদ্দিন, আবু হুরায়রা জাদিম ও তামিম রায়হান সৌরভ এবং শ্যামপুর থানার বাসিন্দা মাহাদি আল মাহবুব। তামিম রায়হান সৌরভ নটর ডেম কলেজের শিক্ষার্থী এবং অন্য তিনজন এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন।
উদ্ধার হওয়া পর্যটকরা জানান, আটকা পড়ার পর থেকেই বিজিবি তাদের নিরাপত্তা, থাকা-খাওয়া ও সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করেছে। পরে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে বিজিবি সদস্যরা তাদের নিরাপদে উদ্ধার করেন।
বিজিবির এই মানবিক ও সাহসী অভিযানের প্রশংসা করে পর্যটকরা উদ্ধারকাজে অংশ নেওয়া সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবির এই সফল অভিযান বাহিনীর পেশাদারিত্ব, মানবিকতা ও সংকট মোকাবিলার সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।