
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লার ওপর চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে সুষ্ঠু বিচার, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
রবিবার (৫ এপ্রিল) জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম মৃর্ধার নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনির মোল্লা অভিযোগ করেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় গণসংযোগ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আলমের নির্দেশে তার ওপর হামলার ঘটনা ঘটে। গত ২৫ মার্চ ২০২৬ তারিখে চাঁদার দাবিকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। তিনি বলেন, এ ঘটনায় দুমকি থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে পরবর্তীতে আসামিরা জামিনে বের হয়ে এসে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আসামিপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে মূল ঘটনা আড়াল করতে বাদীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
মনির মোল্লা বলেন, “আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এসব করা হচ্ছে।”
তিনি তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।