
স্টাফ রিপোর্টার:
রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডের দাসেরকান্দি, কাইকপাড়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। এলাকার প্রধান সড়ক ও অভ্যন্তরীণ রাস্তাগুলোর বেহাল অবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল ও পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। বৃষ্টি হলে রাস্তায় কাদা ও পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে শিশু, নারী, বয়স্ক এবং অসুস্থ রোগীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত রাস্তার সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে স্কুল ও পরীক্ষাকেন্দ্রে যেতে পারবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।