
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামে নিজ ঘর থেকে তাপস মাহাতো (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তাপস মাহাতো ওই গ্রামের সুশীল চন্দ্র মাহাতোর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তাপসের বাবা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দেন। এ সময় তিনি দেখতে পান, তাপস শয়নকক্ষের ভেতরে গলায় রশি পেঁচিয়ে ঝুলছেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নামানোর চেষ্টা করেন এবং বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা) মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।