মুন্সিগঞ্জ জেলায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি নির্মূল, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আজ এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৪/০৩/২০২৬) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শহরের পুরাতন মুক্তারপুর বাসস্ট্যান্ড, সিপাহি পাড়া, বিভিন্ন অটো ও সিএনজি স্ট্যান্ডসহ ফলের আড়ৎ এবং স্থানীয় কাঁচা বাজার এলাকায় ব্যাপক তৎপরতা চালানো হয়।
অভিযান চলাকালীন পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে সাধারণ যাত্রী, চালক ও পথচারীদের সাথে কথা বলেন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন যে, সাধারণ মানুষের পকেট কেটে পরিবহনে কোনো প্রকার চাঁদাবাজি কিংবা জনচলাচলের পথে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা যাবে না। যারা এসব অপরাধের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে উপস্থিত সকলকে অবহিত করা হয় যে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও সহিংসতার বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অব্যাহত রাখা হবে।
এই সাঁড়াশি অভিযানে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া মুন্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এমন তদারকি বজায় রাখার দাবি জানিয়েছেন।