
রুহুল আমিন, মুগদা প্রতিনিধি:
রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার বন্ধু বেকারী গলিতে একটি চারতলা ভবন থেকে আল আমিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওই ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন। তিনি ফুটপাতে কাপড় ও জুতার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং তার সঙ্গে কারো দৃশ্যমান কোনো বিরোধ ছিল না।
ঘটনার দিন পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। দরজা বন্ধ থাকায় দ্রুত খুলতে চেষ্টা করা হলেও ব্যর্থ হন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মুগদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তে পাঠায়।
আল আমিনের স্ত্রী দাবি করেন, তাদের সংসার স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। ঘটনার আগে স্বামীর আচরণেও কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি বলে জানান তিনি। এ ঘটনার সঠিক কারণ উদঘাটনে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ জানান, এটি আপাতদৃষ্টিতে একটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য প্রকাশ করা হবে।