
নিজস্ব প্রতিবেদক,
বরগুনার তালতলী উপজেলার ৩ নং করইবাড়িয়া বাজার এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আহত মোঃ ইমাম প্যাদা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে তার পরিবারের দাবি।
পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে করইবাড়িয়া বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ ইমাম প্যাদার ওপর হামলা চালানো হয়। হামলায় তার ফুসফুসের কাছে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজনরা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ আবুল বাশার বাদশা, মোঃ মোবারক তালুকদার, মোঃ ছগির তালুকদার, মোঃ মজলু মুসল্লি, মোঃ পান্না মুসল্লি, মোঃ বেল্লাল শিকদার, মোঃ হানিফ শিকদার, মোঃ মোস্তফা শিকদার ও মোঃ ফোরাত ফকির। এছাড়া, মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ জুয়েলকে এক লাখ টাকার চুক্তিতে হামলার জন্য ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
আহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। তারা বলেন, “আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।